বিমাকারী নিবন্ধ প্রবিধানমালার গেজেট প্রকাশ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪২
বিমা কোম্পানির সনদ পাওয়ার জন্য যৌক্তিকতা তুলে ধরতে হবে। এজন্য সাধারণ বিমা (নন-লাইফ) ও জীবন বিমা (লাইফ) কোম্পানির সনদ পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে আগ্রহীদের। তার আগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বরাবর দাখিল করতে হবে একটি সম্ভাব্যতা প্রতিবেদন। দাখিল করা প্রতিবেদনেই বিমা করার যৌক্তিকতা তুলে ধরতে হবে। বীমা সম্পর্কিত গেজেটে এসব কথা বলা হয়েছে।
সরকারের জারি করা ‘বিমাকারীর নিবন্ধন প্রবিধানমালা, ২০১৩’ নামে গেজেটটি বুধবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে পৌঁছেছে বলে জানা গেছে। দেশে প্রথমবারের মত বিমা কোম্পানির লাইসেন্স পাওয়ার বিষয়ে কোনো প্রবিধানমালা প্রকাশিত হলো।
গেজেটে বলা হয়েছে, যে কোনো বিমা কোম্পানির লাইসেন্স পেতে হলে সম্ভাব্যতা প্রতিবেদনের পাশাপাশি বিমা কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জীবন বৃত্তান্ত দাখিল করতে হবে। জমা দিতে হবে প্রস্তাবিত বিমা কোম্পানির উন্নয়ন ও সেবা বিভাগের প্রধান, অর্থ ও হিসাব, অবলিখন ও পুন.বিমা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সমন্বয়, দাবি নিষ্পত্তি এবং তথ্য ও প্রযুক্তি বিভাগে নিযুক্ত কর্মকর্তাদের জীবন বৃত্তান্ত ও নাগরিক সনদের অনুলিপি।