সংবাদ কণিকা

কেটের ছবি ছাপিয়ে বিতর্ক প্রিন্স উইলিয়ামের অন্তঃসত্ত্বা স্ত্রী কেটের ছবি ছাপিয়ে ফের বিতর্কে জড়ালো ইটালির গসিপ ম্যাগাজিন চি। ছবিতে দেখা যাচ্ছে, উইলিয়াম ও কেট ক্যারিবীয় দ্বীপ মুসটিকের একটি সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। চার মাসের গর্ভবতী কেট উজ্জ্বল নীল রঙের একটি ‘হপ্টার নেক’ বিকিনি পড়ে রয়েছেন। এতে তিনি যে গর্ভবতী তা স্পষ্টই বোঝা যাচ্ছে। রাজপ্রাসাদ সূত্রে জানা যায়, এভাবে ফের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় উইলিয়াম রীতিমত ক্ষুব্ধ। পাশাপাশি ছবি শিকারিদের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে না পারায় ব্যথিতও তিনি। উল্লেখ্য, এই ম্যাগাজিনের মালিক হলেন ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। — পিটিআই শ্যাভেজ বিকল্প চিকিত্সা নিচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবায় বিকল্প ‘কঠিন ও জটিল’ চিকিত্সা নিচ্ছেন। অসুস্থ প্রেসিডেন্টের চেকআপের ব্যাপারে তার উত্তরাধিকারী নিকোলাস মাদুরো কিউবা সফর থেকে ফিরে বুধবার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন ভিটিভিকে এ কথা বলেন। তিনি বলেন, তার এই চিকিত্সা অত্যন্ত কঠিন ও জটিল। মাদুরো বলেন, শ্যাভেজের ভাই আদান হাভানায় তার সঙ্গে রয়েছেন। গত ১১ ডিসেম্বর হাভানায় সর্বশেষ ক্যান্সার অপারেশনের পর থেকে শ্যাভেজকে আর জনসম্মুখে দেখা যায়নি বা তার কোন কথাও শোনা যায়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শ্যাভেজ কিউবার একটি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন এবং তিনি দ্রুত সেরে ওঠছেন। — এএফপি সাইবার হানা রুখতে ওবামার নির্দেশ যুক্তরাষ্ট্রে সাইবার হানা রুখতে এখনই ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ব্যাপারে যাতে প্রশাসনিক পদক্ষেপ নিতে কোন অসুবিধা না হয়, সে জন্য তিনি একটি নির্দেশিকাও সই করে দেন। যদিও রিপাবলিকানের কয়েকজন সিনেটর এ পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, এরকম তাড়াহুড়া করে নির্দেশিকা জারি না করলেই ভাল হতো। ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল। কংগ্রেসে ভাষণে ওবামা বলেন, শত্রুরা নানাভাবে আমেরিকাকে আঘাত করার চেষ্টা করছে। এর মধ্যে সাইবার হানার আশংকা বেড়ে গেছে। —পিটিআই ফুসফুস ক্যান্সারের ঝুঁকিতে ইউরোপের নারীরা ধূমপানের কারণে ইউরোপীয় নারীদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি বাড়ছে। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ফুসফুস ক্যান্সারের নারী মৃত্যুর হার এরই মধ্যে বেড়েছে যুক্তরাজ্যে এবং পোল্যান্ডে। ১৯৬০ ও ৭০ দশকে ধূমপান শুরু করা নারীদের মধ্যে এ হার বেশি পরিলক্ষিত হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে তা আরো বাড়বে। গবেষকরা বলছেন, ২০১৩ সালের ৮২,৬৪০ জন নারী ফুসফুস ক্যান্সারে আর ৮৮,৮৮৬ জন স্তন ক্যান্সারে মারা যাবার আশংকা রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০১৫ সাল নাগাদ ফুসফুস ক্যান্সারে নারী মৃত্যুহার স্তন ক্যান্সারে নারী মৃত্যুহারকে ছাড়িয়ে যাবে বলেই ধারণা প্রকাশ করেছেন ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারলো লা ভেচ্চিয়া ও তার সহকর্মীরা।—রয়টার্স