গ্রেফতার এড়াতে ভারতীয় দূতাবাসে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

মালদ্বীপে গ্রেপ্তার এড়াতে পালিয়ে গিয়ে বুধবার রাজধানী মালের ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ভবনের বাইরে অপেক্ষায় আছে পুলিশ। নাশিদকে গ্রেপ্তারের এ চেষ্টার মধ্যে তার সমর্থকদের নতুন করে প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। নাশিদকে গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তার সমর্থকদের। শাসনক্ষমতার শেষ দিনগুলোতে নাশিদ একজন বিচারককে আটক করেছিলেন—এ অভিযোগে দায়ের হওয়া মামলায় ১০ ফেব্রুয়ারিতে আদালতে হাজির হতে না পারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। নাশিদ তার টুইটার পাতায় লিখেছেন, “আমার নিরাপত্তা এবং ভারত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতার কথা ভেবে আমি মালদ্বীপে ভারতের হাই কমিশনে আশ্রয় নিয়েছি।” ভারতীয় কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নাশিদকে আশ্রয় দিতে রাজি হয়েছে বলে বুধবার জানায় এনডিটিভি। বুধবার নাশিদ ভারতীয় হাই কমিশনে যাওয়ার পরপরই দাঙ্গা পুলিশ ভবনটির বাইরের রাস্তা ঘিরে ফেলে। ওদিকে, নাশিদের সমর্থকরা গ্রেপ্তারের প্রতিবাদে ইতোমধ্যেই রাস্তায় জড়ো হতে শুরু করেছে। নাশিদের ঘনিষ্ঠজনরা এনডিটিভিকে জানান, ভারতের দূতাবাসে নাশিদ বেশ কিছুদিন অবস্থান করতে পারেন।