উ:কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ চায় জাপান ও দক্ষিণ কোরিয়া

জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের কঠোর অবরোধ আরোপের বিষয়ে বুধবার সম্মত হয়েছে। বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর কমিউনিষ্ট এ রাষ্ট্রকে চাপের মুখে রাখতে তারা এ ব্যাপারে সম্মত হয়। জিজি প্রেসের খবরে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাকের সঙ্গে এ ব্যাপারে টেলিফোনে কথা বলেন। দক্ষিণ কোরিয়া চলতি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে। জিজি প্রেসের খবরে বলা হয়, আবে টেলিফোনে লিকে বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ শক্তিশালী করতে একটি প্রস্তাব উত্থাপন করবো। এ বিষয়ে আবের সঙ্গে ঐকমত্য পোষণ করে লি বলেন, এক্ষেত্রে আমাদের জোরালো প্রস্তাব প্রয়োজন। এ ইস্যুতে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সমম্বয় প্রয়োজন। উত্তর কোরিয়া তাদের ভূ-গর্ভস্থ পরমাণু অস্ত্রের সফলভাবে পরীক্ষা চালানোর খবর নিশ্চিত করেছে। এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া, জাপান, জাতিসংঘ ও জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।