নানা সংকটে কলমাকান্দা হাসপাতাল

২৯ চিকিত্সকের মধ্যে আছে মাত্র তিন জন

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার হাসপাতাল দু’টিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক এবং বিশেষজ্ঞ চিকিত্সকের অভাবে ৫ লাখ লোক সুচিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছেন। কলমাকান্দা হাসপাতালটি উব্ধাখালি নদীর তীরে মনতলা গ্রামে অবস্থিত। ৫০ শয্যার হাসপাতাল হিসাবে এবং নিয়ম অনুযায়ী এই হাসপাতালে ২৯ জন চিকিত্সক থাকার কথা। কিন্তু বর্তমানে সেখানে আছেন মাত্র ৩ জন। আবার তারা ও পালা করে ছুটিতে যাওয়ায় চিকিত্সক থাকেন ২ জন। ১৬ জন সেবিকার মধ্যে আছেন মাত্র ৪ জন। এ ভাবেই চলছে কলমাকান্দা উপজেলা ও আশেপাশের উপজেলা থেকে আগত মোট ৪ লাখ লোকের চিকিত্সা। আরএমও ডাঃ মোহাম্মদ আল মামুন জানান, মোহনগঞ্জ থেকে একজন চিকিত্সককে এই হাসপাতালে ডেপুটেশনে আনা হয়েছে। তিনি চলে গেলে পরিস্থিতি আরো মারাত্মক হবে। এই হাসপাতালের এ্যাম্বুলেন্স অকেজো। এক্সরে মেশিন নষ্ট। গত দু’বছর যাবত্ এ হাসপাতালে কোন সিজার হয় না। প্রসূতি মহিলারা হাসপাতালে এলে তাদেরকে নেত্রকোনা অথবা ময়মনসিংহে সিজারের জন্য পাঠিয়ে দেয়া হয়। হাসপাতালে প্রবেশের মূল সড়কটি একেবারে ভাঙ্গা। সড়কটির বেহাল অবস্থার কারণে যান বাহন সহজে হাসপাতালে প্রবেশ করতে পারে না। ওয়ার্ল্ড বিশন নামের একটি বেসরকারি সংস্থা ইট দিয়ে সড়কটি নির্মাণ করে দিলেও সড়কের দুদিক থেকে মাটি সরে যাওয়াতে সড়কটি ভেঙ্গে যাচ্ছে। যে কোন সময় সড়কটি একেবারে ভেঙ্গে যাবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।