ফুলবাড়ি রেলস্টেশনের প্লাটফর্ম নির্মাণে অনিয়ম
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
দিনাজপুরের ফুলবাড়ি রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্ম নির্মাণ এবং ১নং প্লাটফর্ম সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের উপকরণসামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ করার কারণে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাবলু নির্মাণ কাজ পরিদর্শন করে অনিয়মের সত্যতা পাওয়ায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঠিকাদারের প্রতিনিধি টুনু মিয়া বলেন, দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলীর পরামর্শ অনুয়ায়ী কাজ করা হচ্ছে। কাজটির তদারকির দায়িত্বে নিয়োজিত রেলওয়ে প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম বলেন, ঠিকাদার কাজে অনিয়ম করলে বিল কর্তন করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাবলু বলেন, মাটি মেশানো বালি দিয়ে ইটের গাঁথুনি করা হয়েছে। বালির পরিবর্তে কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।