খুনের অভিযোগে গ্রেফতার পিস্টোরিয়াস!

আরেকজন ক্রীড়া কিংবদন্তী, আরেকজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বের গায়ে এবার কালির দাগ লাগতে যাচ্ছে। এবার খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করল সারা বিশ্বের শারীরিক প্রতিবন্ধী মানুষের অনুপ্রেরণা, দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে। নিজের বান্ধবীকে গুলি করে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে এই প্যারা অলিম্পিকের কিংবদন্তী ও লন্ডন মূল অলিম্পিকে অংশ নেয়া দৌড়বিদকে।। হাঁটুর নিচের অংশ অগঠিত অবস্থায় জন্ম নেয়া পিস্টোরিয়াস মাত্র ১২ বছর বয়সে খেলাধুলায় জড়িয়ে যান। কয়েকটি প্যারা অলিম্পিকে নিজের ইভেন্টগুলোতে শ্রেষ্ঠত্ব দেখানোর পাশাপাশি সক্ষমদের সঙ্গে দৌড়ানোর লড়াই চালিয়ে যান তিনি। সর্বশেষ লন্ডন অলিম্পিকে সে সুযোগ পেয়েও যান। দুইটি কৃত্রিম পা নিয়ে অলিম্পিকে দৌড়ানো প্রথম অ্যাথলেট পিস্টোরিয়াসকে ‘ব্লেড রানার’ হিসেবে চেনে পুরো দুনিয়া। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার যে কম্পাউন্ডে এই হত্যাকাণ্ড হয়েছে, সেখানেই বসবাস করেন। হত্যাকাণ্ডের পর সেখান থেকেই তাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের মুখপাত্র ক্যাটলিগো মোগালে বলেন, ‘৩০ বছর বয়সী এই মহিলাকে গুলি করার পর ২৬ বছর বয়সী লোকটিকে (পিস্টোরিয়াসকে) কাস্টোডিতে নেয়া হয়েছে।’ মোগালে অবশ্য নিশ্চিত করে বলছেন না যে, পিস্টোরিয়াসই দায়ী। তিনি জানান, সকল প্রমাণাদি কোর্টে আনা হবে। এরপর জানা যাবে, আসল ঘটনা কী। এদিকে বৃহস্পতিবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। ঘটনার বর্ণনা দিয়ে মোগালেআরো বলেছেন, ‘আক্রান্ত মেয়েটিকে লক্ষ্য করে চারটি গুলি ছোঁড়া হয় এবং সেখানেই সে মারা যায়। আমরা এটুকু অন্তত বিশ্বাস করার কারণ পেয়েছি যে, নিয়ত মেয়েটি তার (পিস্টোরিয়াসের) বান্ধবী ছিল।’ গোলাগুলি সংঘটিত হয় পিস্টোরিয়াসের বাড়ির ভেতরে। সিলভারলেকে নিরাপত্তায় ঘেরা কমপাউন্ডে থাকতেন তিনি। স্থানটি প্রিটোরিয়া থেকে অল্প দূরেই।