জগন্নাথপুরে বেদখল হয়ে যাচ্ছে ফুটপাত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
জগন্নাথপুর শহরের রাস্তাঘাটের ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখায় চরম ভোগান্তির শিকার জনসাধারণ। পৌর শহরের প্রধান দুটি সড়কের একটি হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের অন্যটি এলজিইডির নিয়ন্ত্রণে। সড়ক দু’টির প্রশস্ততা কম থাকায় যাত্রীবাহী গাড়ি কিংবা রিকশা ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে থাকে। শহরের ব্যস্ততম এলাকা পৌর পয়েন্ট, মুক্তিযোদ্ধা মোড়, হাসপাতাল রোড, রথ বাড়ি মোড়, রানীগঞ্জ রোড, চিলাউড়া মোড় ও খাদ্যগুদাম মোড় এলাকায় প্রতিদিন সড়কের উপর রিকশা, প্রাইভেট কার, ট্রাক, মিনিবাস, বেবী টেক্সী ও টেম্পো রাখার ফলে যান চলাচল তথা পায়ে হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়েছে। এছাড়া এসব এলাকার প্রধান সড়কগুলোর উপর নির্মাণ সামগ্রী রাখার কারণেও যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উপজেলা প্রশাসন ও মেয়রের প্রতি জোর দাবি জানিয়েছেন পৌরবাসী।