হাটহাজারীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চট্টগ্রামের হাটহাজারীতে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সকল প্রকার সরকারি আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিত্তবান পরিবারের শিক্ষার্থীরা পড়াশুনার জন্য শহরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাড়ি জমালেও মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সে সুযোগ থেকে বঞ্চিত। প্রায় ৫ লাখ জনসংখ্যার এ উপজেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য অভিজ্ঞ মহলের। মাধ্যমিক পড়াশুনার জন্য এ উপজেলায় রয়েছে ৪৮টি হাই স্কুল, ৪টি জুনিয়র স্কুল ও ২১টি দাখিল মাদ্রাসা। আবার এর মধ্যে ৪টি স্কুল ও ৬টি মাদ্রাসা এমপিওভুক্ত নয়। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুম, ছাত্রাবাস, নলকূপ,স্যানিটেশন, খেলাধুলার মাঠ সংকট রয়েছে। শিক্ষক ও শিক্ষার প্রয়োজনীয় উপকরণসহ নানাবিধ সমস্যা। এদিকে সদর এলাকা থেকে দূরবর্তী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ও দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্লাসের চেয়ে কোচিংয়ের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল বলেন, হাটহাজারীতে কোনো সরকারি হাই স্কুল ও কলেজ না থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অন্তত একটি উচ্চ বিদ্যালয় ও কলেজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর খুবই জরুরি।