তালায় প্রতিবন্ধীকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাত্
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
তালার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের মৃত আহম্মদ সরদারের দরিদ্র প্রতিবন্ধী পুত্র মুনছুর সরদারকে মৃত দেখিয়ে পরিতোষ ঘোষ নামের এক ব্যক্তি ভাতার টাকা উঠিয়ে আত্মসাত্ করছে।
প্রতিবন্ধী মুনছুর সরদার জানান, পায়ে সমস্যাজনিত কারণে সে তালা উপজেলা সমাজসেবা অফিসের আওতায় প্রতিবন্ধী হিসেবে তালিকাভুক্ত (বই নং-৪১৯/১) হয়ে সরকার থেকে ভাতা গ্রহণ লাভ করে। এক পর্যায়ে মুনছুর সরদার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে চিকিত্সার জন্য এলাকার বাইরে যায়। এই সুযোগে একই এলাকার নিরাপদ ঘোষের পুত্র পরিতোষ ঘোষ সংশ্লি¬ষ্ট সোনালী ব্যাংক ও তালা উপজেলা সমাজসেবা অফিসের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজসে মুনছুর সরদারকে মৃত দেখিয়ে তার জায়গায় ৪১৯/১নং একই বইতে পরিতোষের নাম অন্তর্ভুক্ত করে। এরপর থেকে পর্যায়ক্রমে পরিতোষ ঘোষ প্রায় ১৫ হাজার টাকা উঠিয়ে আত্মসাত্ করেছে। সমাজসেবা অধিদপ্তর এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হয়নি।