উলিপুরে গবাদি পশুসহ দুইটি ঘর ভস্মীভূত

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে গরু, ছাগল ও হাঁস-মুরগিসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত জাফর আলীর ছেলে আব্দুস ছালামের গোয়ালঘরের কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় তার ছোট ভাই রাশেদুল ইসলাম ও শাহীনের ঘরেও আগুন লাগে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।