জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ান

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জামায়াত-শিবির চোরাগোপ্তা হামলার মাধ্যমে তাণ্ডব চালাচ্ছে। এই অপশক্তির তাণ্ডব মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিমান ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, জামায়াত-শিবির থেকে বিএনপি সরে না এলে যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে বিএনপিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তারা শাহবাগের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে বিবৃতি দিয়েছে। সমাবেশে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলার মাটিতে জামায়াত-শিবির ও তাদের দোসর বিএনপির কবর রচনা করা হবে। শ্রমিক লীগের সভাপতি শক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে অগ্রণী ব্যাংক কর্মচারী জাফর আহমেদ হত্যার প্রতিবাদে আজ শুক্রবার কালো পতাকা ধারণ ও রবিবার অগ্রণী ব্যাংকের সামনে শোকসভা পালনের ঘোষণা দেয়া হয়।