মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নদমুলা শিলায়কাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারুলহুদা গ্রামের জেলে আ. খালেকের ছেলে ও দারুলহুদা আলগায্যালী সিনিয়র কামিল মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বাবু (১৩)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে হাবিবুল্লাহ খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে স্বজনরা বাড়ি সংলগ্ন কঁচা নদীর তীর লাগোয়া একটি বাগানে সুপারী গাছের সঙ্গে বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেয়।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মেয়েদের হাতে পড়া ১৪টি চুড়ি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।