গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে স্কুল শিক্ষক খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কিশামত দুর্গাপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে স্কুল শিক্ষক আব্দুল মজিদ মন্ডলকে (৫০) ছোট ভাই কুপিয়ে খুন করেছে। নিহত আব্দুল মজিদ উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, দীর্ঘদিন থেকে ছোট ভাই বাদশা মন্ডলের সাথে মজিদ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মজিদ বিরোধপূর্ণ জমিতে পানি সেচ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাদশা ও তার লোকজন পথরোধ করে তাকে মারপিট করে ও ধারালো ছোরা দিয়ে কোপাতে থাকে। খবর পেয়ে মজিদের লোকজন চলে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের আরও ৭ জন আহত হয়। গুরুতর আহত মজিদকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। থানায় এ ব্যাপারে নিহত মজিদের পুত্র শামীম একটি হত্যা মামলা দায়ের করেছেন। গোয়ালন্দে যুবককে খুন করে মোটরসাইকেল ছিনতাই গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গোয়ালন্দে বুধবার রাতে এক যুবককে খুন করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত আলিম প্রামাণিক (১৭) চর দৌলতদিয়ার ওমেদ আলী পাড়ার হায়াত আলী প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকে আলিমের সাথে থাকা রফিক (১৫) নিখোঁজ রয়েছে। পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসীর জানায়, বুধবার বিকালে আলিম তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে গোয়ালন্দ বাজারের নিকটবর্তী মাল্লাপট্টি ব্রীজ এলাকা হতে প্রতিবেশী কিশোর রফিককে মোটরসাইকেলে তুলে নেয় সে। পরদিন বৃহস্পতিবার সকালে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আত্মীয়-স্বজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। নিহতের গলায় রশির দাগ এবং ডান চোখে জখম ছিল। নিখোঁজ রফিক দক্ষিণ দৌলতদিয়া আনছার বেপারীপাড়ার বারেক শেখের ছেলে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা হয়েছে।