নারী নির্যাতনের প্রতিবাদে সংসদ ভবনে মানববন্ধন

‘নারীর প্রতি সহিংসতা আর না-আর না’। এ শ্লোগান উচ্চারিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার মানববন্ধনে সংসদ সদস্যরা শ্লোগান দেন। ত্রিশ মিনিটের মানববন্ধন শুরু হয় বেলা একটায়। এতে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংসদ সদস্যদের মধ্যে বেবী মওদুদ, বেগম শাহীন মনোয়ারা হক, শাহিদা তারেখ দিপ্তী, ফজিলাতুন নেসা বাপ্পি, রওশন জাহান সাথী, বেগম তহুরা আলী এবং সংসদ সচিবালয়ের মো. মাহফুজুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন । মানববন্ধনে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দিবসের মূল প্রতিপাদ্যের সাথে সংহতি প্রকাশ করা হয়। এ সময় ‘নারীর প্রতি সহিংসতা আর না-আর না,’ ‘যথেষ্ট হয়েছে, আর নয়,’ ‘এই সহিংসতা বন্ধ কর এখনই’ শ্লোগান দেয়া হয়।