আসাদকে ক্ষমতাচ্যুত করতে পদক্ষেপ নেবে বিশ্ব :জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে পুরো বিশ্ব পদক্ষেপ নেবে। দেশটিতে সহিংসতা বন্ধে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খবর এএফপির। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নেসার জুদাহ সাক্ষাতের পর জন কেরি বলেন, আমি এখনও আশাবাদী যে, সিরিয়ার ব্যাপারে একটি অভিন্ন উপায় খুঁজে বের করার সুযোগ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রয়েছে। আসাদকে যুদ্ধ জয়ের চিন্তা বাদ দিয়ে প্রস্থানের বিষয়টি চিন্তা করতে হবে। বিশ্লেষকরা যখন সিরিয়ার ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তনের কোন পরিকল্পনা প্রেসিডেন্ট বারাক ওবামার রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছেন ঠিক সেই মুহূর্তে কেরি অন্তরালে সর্বশেষ মিত্রদের কাছ থেকে আসাদ সরকারকে বিচ্ছিন্ন করার চেষ্টার ইঙ্গিত দিলেন। কেরি বলেন, আমাদেরকে আসাদের হিসাব-নিকাশের বিষয়টি মাথায় রাখতে হবে। আমার বিশ্বাস, নতুন কিছু ব্যাপার এর সঙ্গে যুক্ত হবে যা তার ধারণা পরিবর্তনে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে সিরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়াকে আসাদ সরকারের প্রতি সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আসাদকে অর্থ, লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সহায়তার অভিযোগ তুলেছে। ইরান অস্ত্র দেয়ার অভিযোগ অস্বীকার করেছে।