জামায়াত-শিবির
ধরতে চিরুনি
অভিযান চালান
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম জামায়াত-শিবির ধরতে চিরুনি অভিযান চালানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলার জনগণ চায় তাদের নিশ্চিহ্ন করে দেয়া হোক। তাই তাদের খুঁজে বের করুন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি পদযাত্রা সফল করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে পূর্ব-ঘোষিত ১৯ তারিখের জনসভার স্থান রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট নির্ধারণ করা হয়।
সভায় নাসিম আরো বলেন, বিএনপি শুধু জামায়াতেরই দোসর নয়, এরা বর্ণচোরা দল। গত কয়েকদিনের বিবৃতির মধ্য দিয়ে বিএনপির কুিসত চেহারা আবারো ফুটে উঠেছে। তবে যত ষড়যন্ত্রই হোক যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের মেয়াদেই সম্পন্ন হবে।
মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ন্যাপের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, জামায়াত-শিবিরের কাছ থেকে সরে না আসলে যুদ্ধাপরাধীদের দোসর হিসাবে বিএনপিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের শুরু থেকে বিএনপি রাজাকারদের বাঁচাতে সরকারের বিরুদ্ধে অপতত্পরতায় লিপ্ত। ষড়যন্ত্রের অংশ হিসাবে সম্প্রতি তারা শাহবাগের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে বিবৃতি দিয়েছে।