রাজধানীতে জামায়াত
শিবিরের ৩ শতাধিক
নেতা-কর্মী রিমাণ্ডে
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৭
রাজধানীতে জামায়াত-শিবিরের গ্রেফতার তিন শতাধিক নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেইনের আদালতে তাদের হাজির করা হলে এ আদেশ দেন আদালত। এছাড়া প্রায় শতাধিক আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
নাশকতা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডকৃতদের মধ্যে রয়েছেন পল্টন থানার ১২৯ জন ও মতিঝিল থানার ৯৯ জন। এছাড়া যাত্রাবাড়ী থানার ১০ জন, রমনা থানার ৩০ জন, তেজগাঁও থানায় ৩৪ জন, বংশাল থানার ৮ জন ছাড়াও বিভিন্ন থানার আসামি রয়েছেন। এসব থানার অপর শতাধিক আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবারও জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বুধবার গ্রেফতারকৃত নেতাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে। ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম অফিস : নাশকতার চেষ্টার অভিযোগে চট্টগ্রামে জামায়াতের ১২ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তবে, মহানগর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সদস্য। তারা জামায়াতের কেউ নন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর বিআরটিসি মোড় থেকে সংগঠনের প্রায় ২০০ কর্মীর একটি মিছিল বের হয়। মিছিলটি পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে যাওয়ার পর পুলিশ তা প্রতিহত করার চেষ্টা করলে মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ স্টেশন রোডের একটি আবাসিক হোটেল থেকে ৮ জন এবং পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে বাকি ৪ জনকে গ্রেফতার করে।
আদমদীঘি (বগুড়া) : বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির চাঁপাপুর এলাকায় জামায়াত নেতাদের মুক্তি দাবি সম্বলিত পোস্টার লাগানোর সময় ধারালো অস্ত্রসহ জনতা মহব্বত আলী (২৩) নামে এক ছাত্র শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নওগাঁ জেলার রানীনগর উপজেলার বড় দীঘিপাড়ার দুদু মিয়ার ছেলে তিনি। বগুড়া আযিযুল হক কলেজে পড়াশোনা করেন মহব্বত আলী।
হবিগঞ্জ : হবিগঞ্জে ৪ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের জেকে এন্ড এইচকে হাই স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত বজলুল হকের ছেলে আজিজুল হক (২০), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের মামনুন আহমেদের ছেলে নিজাম উদ্দিন মোস্তাক (২২), চুনারুঘাটের কালিনগর গ্রামের আব্দুস শহীদ খানের ছেলে জুয়েল মিয়া (২১) ও কিশোরগঞ্জ জেলার ফকিরনগরের মাইজপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে সামছুদ্দোহা (২০)।
কলারোয়া (সাতক্ষীরা) : বৃহস্পতিবার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের ক্যাডার আশরাফুর রহমান বিপু ও সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : পুলিশের উপর হামলা, নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি ও গাড়ি ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ২৭ জামায়াত-শিবির নেতা-কর্মীকে ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা : বুধবার আটক ৫৮ জনের মধ্যে জামায়াত-শিবিরের ৪৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দাউদকান্দি থানার ওসি ফয়সল জানান, নাশকতার উদ্দেশ্যে বুধবার জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা যাচ্ছে এমন খবর পেয়ে দাউদকান্দি টোলপ্লাজায় বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জামায়াত-শিবিরের ৩৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। তাদেরকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এদিকে, জেলার বুড়িচং থানার ওসি আমিরুল আলম জানান, বুধবার সন্ধ্যায় বুড়িচং উপজেলা সদরের ইসলাম কমপ্লেক্সে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর আবদুল আউয়াল ও সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ ২৩ জনকে আটক করা হয়। আটকৃতদের যাচাই-বাছাই করে ১৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে এবং জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।