সংসদ নির্বাচন নিয়ে
এরশাদের সর্বদলীয়
ফর্মুলা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৭
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সংসদ সদস্যদের মধ্য থেকে সব দলের প্রতিনিধির সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত উপকমিটির (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক) চেয়ারম্যান স্টিভ স্যাবটের সঙ্গে বুধবার সাক্ষাত্ করার সময় এ প্রস্তাবের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্র সফররত এরশাদ।
গতকাল বৃহস্পতিবার বিডি নিউজ জানায়, এরশাদ বলেছেন বর্তমান জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সংশ্লিষ্ট দলের মনোনীত নির্দিষ্টসংখ্যক সদস্যের সমন্বয়ে ‘সর্বদলীয় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার’ গঠিত হতে পারে এবং সেই সরকারের নেতৃত্বেই সব দলের অংশগ্রহণে নির্বাচন করা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১১ জনের মধ্যে রাখার কথা বলেন তিনি। দেশে ফিরে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন।