আপাতত বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার পরিকল্পনা নেই

দেশে চাহিদার তুলনায় বিদ্যুত্ ও গ্যাসের ঘাটতি রয়েছে। বিদ্যুতে ঘাটতি দৈনিক প্রায় ৫০০ মেগাওয়াট এবং গ্যাসে প্রায় ৪৮০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দেশে ৬০ ভাগ লোক বিদ্যুত্ সুবিধা পাচ্ছে। ঘাটতির কারণে আপাতত বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার কোন পরিকল্পনা নেই। গতকাল বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনের তৃতীয় বেসরকারি সদস্য দিবসে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে বিরোধী দলহীন সংসদের গতকাল ছিলো ১৩তম কার্যদিবস। বেগম সানজিদা খানমের লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং উত্পাদন ৫ হাজার থেকে ৫ হাজার ২০০ মেগাওয়াট। বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৬০ শতাংশ (শতকরা সাত ভাগ নবায়নযোগ্য জ্বালানিসহ) লোক বিদ্যুত্ সুবিধার আওতায় এসেছে। এবিএম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় গত বছর ৯ হাজার ৯৬৫ কিলোমিটার নতুন বিদ্যুত্ লাইন সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া মো. শফিকুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দিনে গড়ে উত্পাদন হয় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সারাদেশে চাহিদার তুলনায় ৪৮০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।