বরিশালে ২৭ সাংস্কৃতিক সংগঠনের বার্ষিক কর্মীসম্মেলন

বরিশাল অফিস

বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৬ তম বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিজন শাহান আরা বেগম। নগরীর ঐতিহ্যবাহী এ কে ইন্সটিটিউশনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্ল্াহ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিপূর্ণ একজন মানুষ হতে হলে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির চর্চার বিকল্প নেই। বাঙালি জাতির সংস্কৃতির ভান্ডার এতই সমৃদ্ধ যে তা বিশ্বদরবারে সমাদৃত। এই অমূল্য সম্পদ ধারণ করে আমরা নিজেরা ব্যক্তিত্ববান হতে পারি। সমাজ থেকে অপসংস্কৃতি বিতাড়িত করতে পারি। সংস্কৃতিই হতে পারে আমাদের আগামী প্রজন্মের সুন্দরভাবে বেঁচে থেকে সোনার বাংলা গড়ার অন্যতম হাতিয়ার।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সভা

বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নগরীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি এক র্যালি বের করে। র্যালিটি নগরীর বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। পরে ইউনিটি কার্যালয়ে সংবাদ কর্মীরা বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়রানি, নির্যাতন, মিথ্যা মামলার শিকার ও ওয়েজবোর্ড নিয়ে আলোচনা সভায় এসব কথা উঠে আসে। ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ।