স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। কোমলমতি শিশুরা বিভিন্ন পেশায় কঠিন শ্রম দিলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। স্বরূপকাঠি পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে শিশু শ্রমিকরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েছে।
চিলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার আকন বলেন, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই ও উপবৃত্তি প্রদান করে আসছে। তা সত্ত্বেও হতদরিদ্র পরিবারের শিশুরা পরিবারের অভাব অনটনের কারণে শ্রমিকের কাজে নিয়োজিত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকান, হোটেল-রেস্টুরেন্ট, বেকারি, ওয়েলডিং কারখানা, ফেরি করা, ট্রলার শ্রমিক, রাজমিস্ত্রীর হেলপার, ইটভাটা, ভ্যান চালকের মতো কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজে আত্মনিয়োগ করতে বাধ্য হচ্ছে এ সকল শিশু।
শিশু শ্রমের কাজে নিয়োজিত শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানবীর আহমেদ সিকদার বলেন, দরিদ্র পরিবারের শিশুরা কঠিন পরিশ্রমের ফলে অপুষ্টিজনিত হাড্ডিসার, বেটেসহ নানান রোগে আক্রান্ত হতে পারে। শিশু শ্রমিকরা কঠিন শ্রম দিলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, বিষয়টির ব্যাপারে নজরদারি বৃদ্ধি করা হবে।