আদিতমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তা করা হচ্ছে
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৬
ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় কৃষকদের খাদ্য উত্পাদন অব্যাহত রাখতে এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচি ব্লকভিত্তিক জমি নির্বাচন করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে ব্র্যাক কাজ করে যাচ্ছে।
এ কর্মসূচির আওতায় ব্র্যাক আদিতমারী শাখা অফিসের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নে ১০টি ব্লকে তিনশ একর জমি চাষাবাদের জন্য নির্ধারণ করেন। ৩ বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় ১০টি ব্লকে ৬শ ৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নির্বাচন করা হয়। আর চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় তিনশ একর জমিতে হাইব্রিড শক্তি-২ জাতের ধান চাষ করা হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে ওই ১০টি ব্লকে বীজের অনুদান বাবদ কৃষকদের মাঝে ৫ লক্ষ ৪৫ হাজার ৫শ ১৩ টাকা প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে জানুয়ারি মাসে জমি চাষ ও সারের অনুদান বাবদ প্রতি একরে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। আর তৃতীয় পর্যায়ে পানি, সেচ ও কীটনাশক খরচ বাবদ প্রত্যেক কৃষককে ২ হাজার টাকা করে প্রদান করা হবে।
দুই ফসলের জমিকে এ কর্মসূচির মাধ্যমে তিনটি ফসলের আওতায় আনা হবে বলে ব্র্যাক কর্তৃপক্ষ জানান। হাইব্রিড ধানের ক্ষেত্রে প্রতি ফসলে একরপ্রতি ৯ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। নির্বাচিত ব্লকে ধান, সরিষা, সূর্যমুখী ভুট্টার ফসল উত্পাদন করা হবে। আর সবজি চাষের জন্য উপজেলা পর্যায়ে ৪টি ব্লকও নির্বাচিত করা হয়েছে।