অসচ্ছল পরিবারের মাঝে গৃহ নির্মাণ বাবদ চেক বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শ অসচ্ছল পরিবারের মাঝে বৃহস্পতিবার বিকালে সোলার প্যানেল, ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ চেক বিতরণ করা হয়েছে। পূর্বধলা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দের সভাপতিত্বে এ সমস্ত সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এরশাদ হোসেন মালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।
মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা জগেজ্যাতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম। ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ইয়াং জার্নালিস্ট দুর্জয় দত্ত পুরকায়স্থের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. চান মিয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমুখ।
সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটি
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগর উপজেলা পরিষদ সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার। উপজেলা পরিষদ হল রুমে সমিতির সাবেক সভাপতি অফিস সুপার মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম রাইপ, আনছার আলী, খঞ্জন কুমার দাস প্রমুখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) হিসাব রক্ষক মো. আমিনুল ইসলামকে সভাপতি ও উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে বৃহস্পতিবার দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কাউখালী মহাবিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত) মো. তৌফিকুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মো. শাহাদাত্ হোসেইন।
বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় শুক্রবার বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লে. জেনারেল এম হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, ওসি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে জেলা পুলিশ ও সম্মিলিত ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার বিকালে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় ও আলোচনা সভা করেছে। শহরের স্বর্ণকারপট্টিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান সভাপতিত্ব করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা হরিপুর বাজারে গ্রোথ সেন্টার রাস্তায় শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গত কয়েকদিন আগে স্থানীয় লোকজনের রাস্তা নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ শুরু করলে ঠিকাদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে জাহিদুল হক আব্বাসী রনি বাদী হয়ে কলমাকান্দা থানায় স্থানীয় কতিপয় যুবককে আসামি করে চাঁদাবাজি মামলা করেন। এলাকাবাসী ওই মামলা মিথ্যা, সাজানো ও পরিকল্পিত দাবি করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
কুবিতে ছুটি শুরু হচ্ছে রবিবার
কুবি সংবাদদাতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-ক্বদর, জুমাতুলবিদা এবং ঈদ উপলক্ষে ছুটি শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। আগামী ১৬ জুন বিশ্ববিদ্যালয় খুলবে। তবে যেসব বিভাগে পরীক্ষা চলছে তারা পরীক্ষা চালিয়ে যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কতদিন পর্যন্ত খোলা থাকবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।
কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বৃহস্পতিবার বিকালে ৫৪৭তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা স্কাউটসের কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা।
জয়পুরহাট জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) রায়হানুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু।