মোবাইল অ্যাপ দিয়ে উইঘুরদের ওপর নজরদারি করছে চীন

বিবিসি

চীনে শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লক্ষ লক্ষ লোকের উপাত্ত সংগ্রহ করার জন্য একটি মোবাইল অ্যাপ ব্যবহার করছে চীনা পুলিশ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে  বলেছে, তারা এই অ্যাপটির প্রযুক্তি পরীক্ষা করে দেখেছে কীভাবে এর মাধ্যমে নজরদারি করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, যারা ‘সরকারের অনুমতি না নিয়ে হজ করতে গেছে’, যারা ‘খুব বেশি পরিমাণ বিদ্যুত্ ব্যবহার করে’ যাদের ‘কোনো পরিচিতজন বিদেশে থাকে’, যারা ‘লোকজনের সাথে বেশি মেলামেশা করে না’ এবং ‘বাড়ির সামনের দরজা দিয়ে কম বের হয়’ - এরকম লোকদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। মানবাধিকার গ্রুপগুলোর মতে, চীনে উইঘুর মুসলিমরা তীব্র নিপীড়নের শিকার। জাতিসংঘ বলেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে যে প্রায় ১০ লাখ উইঘুরকে শিনজিয়াংএ বন্দিশিবিরে আটক রাখা হয়েছে। চীন এই কেন্দ্রগুলোকে ‘পুনঃশিক্ষণ কেন্দ্র’ হিসেবে অভিহিত করে থাকে। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগসহ উইঘুরদের নিত্যদিনের আচরণ এবং গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।