উত্তরে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দ:কোরিয়ার

উত্তর কোরিয়া এ সপ্তাহে তৃতীয়বারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটিতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এ ক্ষেপণাস্ত্রের তথ্যপ্রকাশ করে দক্ষিণ কোরিয়া বলেছে, এ অস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার নেতাদের কার্যালয় গুঁড়িয়ে দেয়া সম্ভব। ক্ষেপণাস্ত্রটির পাল্লা কতটুকু সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া। তবে এটি উত্তর কোরিয়ার যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তার রকেট উেক্ষপণ কেন্দ্রগুলোর উন্নয়ন ঘটাচ্ছে । ২০১২ সালের পর তনঘাই উেক্ষপণ কেন্দ্রে তাত্পর্যপূর্ণ উন্নয়ন লক্ষ্য করা গেছে। ইরানের সহযোগিতায় কেন্দ্রটির উন্নয়ন ঘটানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসির। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেস্ট্রয়ার এবং সাবমেরিন থেকে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করে। গত বছর এপ্রিলে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়া। এখন এটি আঘাত হানার মতো পর্যায়ে পৌঁছেছে বলে জানান কর্মকর্তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র কিম-মিন-সেয়োক সাংবাদিকদের বলেছেন, “আজ যে ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হচ্ছে তা উত্তর কোরিয়ার নেতাদের কার্যালয়ের অবস্থান বুঝে সেখানে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে।” উত্তর কোরিয়া সমপ্রতি তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এর কঠোর সমালোচনা করেছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলো। দক্ষিণ কোরিয়ার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে সে উদ্বেগেরই বহিঃপ্রকাশ ঘটেছে।