বাহরাইনে বিক্ষোভ গুলিতে তরুণ নিহত
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৮
বাহরাইনের নিরাপত্তাবাহিনীর গুলিতে আন্দোলনকারী এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২জন। দেশটির গণতন্ত্র সংস্কারের দাবিতে বিদ্রোহের দ্বিতীয় বার্ষিকীতে উপসাগরীয় এই দেশটিতে সংঘর্ষ হয় বলে আন্দোলনকারীরা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। দেশটির শিয়া অধ্যুষিত অঞ্চলের প্রায় কয়েকশ’ তরুণ এই বিক্ষোভ-প্রতিবাদে অংশ নেয়। দেশটির রাজধানী মানামা অভিমুখে পথটি দখল করে তারা সেখানে অবস্থান করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং বোমা বিস্ফোরণ ঘটালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোঁড়ে। এক প্রত্যক্ষদর্শী এ তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে যে, তারা আত্মরক্ষার্থে সমাবেশ লক্ষ্য করে গুলি ছুঁড়লে আন্দোলনকারীদের মধ্যে এক তরুণ নিহত হয়। এ সংঘর্ষ সকাল থেকে শুরু হয়ে প্রায় সারাদিন ধরেই চলতে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘সন্ত্রাসী হামলায়’ নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। তার ওপর দাহ্য কোন বস্তু ছুঁড়লে তিনি মারা যান।