চুয়াডাঙ্গায় আমের ভাল ফলনের সম্ভাবনা

চুয়াডাঙ্গা জেলার সর্বত্র এ বছর পর্যাপ্ত মুকুল ফুটে উঠায় প্রচুর আম উত্পাদনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে, চলতি আম চাষ মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়ার কারণে জেলার সর্বত্র বাগানের আম গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল দেখা দিয়েছে। আর শীত মৌসুমের শেষভাগে কুয়াশা না হওয়ায় সৃষ্ট মুকুলের কোন ক্ষতি হয়নি। ফলে উভয় অনুকূল পরিবেশের কারণে জেলার সর্বত্র আম গাছে মুকুল ফুটে আমের গুটি বাধতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী ৪৫ দিনের মধ্যে প্রাকৃতিক বিরূপ কোন আবহাওয়ার সৃষ্টি না হলে জেলার আম গাছসমূহে প্রচুর পরিমাণ আমের ফলন পাওয়া যাবে। চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর জেলায় সর্বমোট ৫৩০ হেক্টর জমির বাগানে আম চাষ করা হয়েছে। চাষকৃত আমের মধ্যে আম্রপালি, ল্যাংড়া, সুবর্ণরেখা, ফজলি, বোম্বাই, হিমসাগর, রূপালী ও মল্লিকা উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বলেন, এ বছর জেলার দামুড়হুদা উপজেলায় ২৮০ হেক্টর, সদর উপজেলায় ৯০ হেক্টর, জীবননগর উপজেলায় ৯০ হেক্টর ও আলমডাঙ্গা উপজেলায় ৭০ হেক্টর জমিতে উল্লেখিত জাতের আম চাষ করা হয়েছে। সংশ্লিষ্ট ঐ কর্মকর্তা আশা প্রকাশ করে আরও বলেন, আগামী উত্পাদন মৌসুমে জেলায় সর্বমোট ৩০ হাজার টন আম উত্পাদনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।