ভোলায় অজ্ঞাত রোগে মারা যাচ্ছে মাছ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
ভোলার বিভিন্ন উপজেলায় পুকুর ও ঘেরে অজ্ঞাত রোগে মারা গেছে লাখ লাখ মাছ। হঠাত্ করে মাছ মারা যাওয়া চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। জেলা মত্স্য অফিস সূত্রে জানা গেছে, পানিতে অক্সিজেন কমে যাওয়া এবং অতিরিক্ত ঠাণ্ডার কারণে এক প্রকার শ্যাওলার সৃষ্টি হয়েছে। সেই পরজীবী শ্যাওলায় আক্রান্ত হয়ে মাছ মারা যাচ্ছে। ভোলা সদর উপজেলার আলীনগর, চরসামাইয়া এবং দৌলতখান উপজেলার মাছ চাষী মিন্টু হাওলাদার, রাহাত, রুহুল আমিন, ইউসুফ ও শাহজাদা বলেন, চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে নিজেদের পুকুর ও ঘেরে মাছের চাষ করে লাভ তো দূরের কথা এবছর মহাজনের ঋণ পরিশোধ করতেই পারবো না। ফলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে। চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর বলেন, ভোলা সদর উপজেলার মধ্যে ইতিপূর্বে চরসামাইয়া ইউনিয়নে মাছ চাষে বিপ্লব সৃষ্টি হয়েছিল। এখানে প্রচুর পুকুর, কোন পুকুর মাছ চাষের আওতার বাইরে ছিল না। কিন্তু যে মাছ চাষ হয়েছে এবছর তার মধ্যে ১০ শতাংশ পুকুর বাদে ৯০ শতাংশ পুকুরের মাছ বিশেষ এই রোগে মারা গেছে।