হিলিতে কাঁটাতারের বেড়া নির্মাণ
সম্ভাব্য স্থান দেখতে বিজিবি প্রতিনিধি দল ভারতে
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৪
দিনাজপুরের হিলি সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্ভাব্য স্থান যাচাই করতে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে গেলো বিজিবির একটি প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার সকালে দিনাজপুর সেক্টর আওতাধীন ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ফজলে কাদের আহম্মেদের নেতৃত্বে ৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সাব্বির হোসেন, অপস অফিসার মেজর ফিরোজ আহম্মেদ, সেক্টর উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমানসহ ১৩ সদস্যের প্রতিনিধি দলটি ভারতে যান। এ সময় পতিরাম বিএসএফের ৯৬ ব্যাটালিয়ন অধিনায়ক রাজেন সুড তাদের শুভেচ্ছা জানান। বিজিবি সূত্র জানায়, হাটখোলা থেকে হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্ভাব্য স্থানগুলো যাচাই করতেই তাদের এই পরিদর্শন। এসময় ভারত-বাংলাদেশ উভয় সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের স্থানগুলো যাচাই করবেন।