নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার চিংড়ি

শ্যামনগরে সড়কের বেহাল দশা

সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত। সঠিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এলাকার মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয় । এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে নৌকা ও ইঞ্জিন চালিত নৌকাই ভরসা। গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে ৯০ ভাগ জমিতে চিংড়ি চাষ হওয়ায় প্রতিবছর কোটি কোটি টাকার চিংড়ি মাছ উত্পাদিত হয়। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যায়। এই এলাকার নিকটবর্তী বড় বাজার নওয়াবেকী। নদী পথে সময় লাগে ৪/৫ ঘন্টা। নওয়াবেকী খেয়া ঘাট হতে গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা পর্যন্ত সড়ক পথের দূরত্ব ২৭ কিলোমিটার। সড়ক পথের ব্যবস্থা থাকলে সময় লাগত ৩০ মিনিট। খোলপেটুয়া নদীতে ব্রিজ ও নওয়াবেকী খেয়াঘাট থেকে চাঁদনিমুখা পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হলে এলাকাবাসীর বহু দিনের দুর্ভোগ লাঘব হবে।