জ্ঞানের আলো ছড়াচ্ছে
রাজীবপুরে হোসেন
স্মৃতি পাঠাগার
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
উপজেলা শহর থেকে দূরে সীমান্তঘেঁষা গ্রাম বাঘার চর। এখানে নেই কোন অবসর কাটানোর জায়গা। ফলে উঠতি বয়সী তরুণ ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা দিন দিন জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এ অবস্থায় ওই গ্রামের ঢাকায় বসবাসকারী ব্যবসায়ী ফারুক আজিজ উদ্যোগ নেন কিভাবে গ্রামের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে তাদের নৈতিক অবক্ষয় ঠেকানো যায়। অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেন একটি পাঠাগার গড়ার। যে পাঠাগারের বই পড়ে মানুষের মাঝে শিক্ষার আলো বিকশিত হবে। তাই তিনি বাবার নামের সাথে মিল রেখে গড়ে তুললেন “হোসেন স্মৃতি পাঠাগার”। গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তার পাঠাগার।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিভিন্ন বই পড়ছে। কেউবা আবার পড়ছেন পত্রিকা। ওই পাঠাগারে আসা কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম জানান, প্রতিদিন স্কুল ছুটির পর আমি এই পাঠাগারে এসে বই পড়ি। রাজীবপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ছাত্র ফারুক আহম্মেদ ও রেজাউল করিম বলেন, আগে আমাদের এলাকায় কোন পাঠাগার ছিল না, তাই ইচ্ছে থাকলেও বই পড়তে পারতাম না । এই পাঠাগারটি হওয়ার কারণে আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক বই পড়তে পারি। এতে আমাদের জ্ঞানের আলো বিকশিত হচ্ছে। তাইতো বলা যায়, নিরবে-নিভৃতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত বাঘার চর গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন ফারুক আজিজ। ফারুক আজিজের স্বপ্ন তার এই পাঠাগারে বই পড়ে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। সবাই হবে শিক্ষার আলোয় আলোকিত মানুষ।