নাঙ্গলকোট প্রশাসনে
নয় কর্মকর্তা নেই
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৫
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের ১৭টি বিভাগের মধ্যে ৯টি বিভাগের কর্মকর্তার পদই শূন্য রয়েছে। বছরের পর বছর বিভিন্ন বিভাগের কর্মকর্তার পদ শূন্য থাকলেও পদ পূরণে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে প্রশাসনিক কাজকর্মে দেখা দিয়েছে স্থবিরতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পদটি ১২ বছর যাবত্ শূন্য। তাছাড়া উপজেলা হিসাররক্ষণ অফিসার, সাব-রেজিস্টার, উপজেলা মত্স্য অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা পরিসংখ্যান অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভারে প্রশাসনিক কর্মকাণ্ডে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিভাগে নিয়মিত অফিসার না থাকায় ভুক্তভোগীদের প্রশাসনিক কাজকর্মে দিনের পর দিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া নিয়মিত কর্মকর্তা না থাকায় সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীদের মাঝে গা-ছাড়া ভাব লক্ষ্য করা যায়।
উপজেলা প্রশাসনে বছরের পর বছর বিভিন্ন কর্মকর্তার পদ শূন্য থাকলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জনপ্রতিনিধিদের এদিকে কোন নজর নেই। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার সপ্তাহে ২ দিন অথবা মাসে ২/৩ বার এসে দায়িত্ব পালন করছেন। নিয়মিত অফিসার না থাকায় উপজেলাবাসীকে তাদের বিভিন্ন কাজকর্মে উপজেলা এসে কাজ না সেরে ফিরতে হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, বিভিন্ন বিভাগে অফিসারদের পদ শূন্য থাকায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।