চার জেলায় রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ

পশ্চিমের ৪ জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। জেলাগুলো হচ্ছে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ। ধান, গম ও পাটের চেয়ে ভুট্টা চাষ লাভজনক বলে চাষি ভুট্টা চাষে ঝুঁকছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলায় ৪১ হাজার ২৫০ হেক্টরে, ঝিনাইদহ জেলায় ১৩ হাজার ৩৭৫ হেক্টরে, কুষ্টিয়া জেলায় ৬ হাজার ৩৮০ হেক্টরে ও মেহেরপুর জেলায় ২৭৬০ হেক্টরে ভুট্টা চাষ হয়েছে। বর্তমানে হাইব্রিড ভুট্টা চাষের প্রচলন হওয়ায় উত্পাদন বেড়েছে। আর চাষি লাভবান হচ্ছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দুই পাশে মাঠের পর মাঠে শুধু ভুট্টা ক্ষেত নজরে পড়ে। কালীগঞ্জ-জীবরনগর মহাসড়কের পাশেও একই দৃশ্য। চাষিদের সাথে আলাপ করে জানা যায়, এক বিঘা জমিতে ভুট্টা চাষে ১০/১১ হাজার টাকা খরচ হয়। আর ৩০ মণ থেকে ৪৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। গত বছর নতুন ভুট্টা উঠার পর সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা প্রতি মণ দরে বিক্রি হয়। পরে ৯শ’ টাকা পর্যন্ত দরে প্রতি মণ বিক্রি হয়। বিঘাতে ৫ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত লাভ ছিল। তাছাড়াও ভুট্টা ক্ষেতে পোকা মাকড় ও রোগ বালাই কম হয়। পোলট্রি ফিডের কাঁচামাল হিসাবে ব্যবহার হওয়ায় চাহিদাও প্রচুর। বাজারজাতে সমস্যা হয় না। মেহেরপুর উজলপুর গ্রামের চাষি বাবলু মিয়া জানান, পাইকাররা বাড়ি থেকে ভুট্টা কিনে নিয়ে যায়। এখন আর বিক্রিতে কোন সমস্যা হয় না। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক আব্দুল মান্নান জানান, চুয়াডাঙ্গাতে একটি পোলট্রি ফিড তৈরির ফ্যাক্টরি হয়েছে। তারা এ এলাকায় উত্পাদিত ভুট্টার সিংহ ভাগ কিনে নেয়।