কা তা র ও পে ন

আজারেঙ্কা সেরেনা কোয়ার্টার ফাইনালে

মহিলা টেনিসের শীর্ষস্থানীয় দুই খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং সেরেনা উইলিয়ামস কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এছাড়া জয় পেয়েছেন অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং ক্যারোলিন ওজনিয়াকিও। মাত্রই গত মাসে টানা দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতা বিশ্বের এক নাম্বার খেলোয়াড় আজারেঙ্কা গত বৃহস্পতিবার আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহেইলকে উড়িয়ে দেন ৬-০, ৬-০ গেমে। জয়ের পরে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত এই বেলারুশ তারকা মেয়েদের টেনিসের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিএ’র ওয়েবসাইটকে বলেন, ‘আমার মনে হয় শুরু থেকেই আমি ছিলাম খেলায় দারুণ মনোযোগী। মানসিকভাবেও আমি শক্তিশালী ছিলাম এবং আমার কর্ম পরিকল্পনাও কাজে লেগেছে। ম্যাচে বেশ কয়েকটা গেমে আমাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল। তবে আমি সুযোগগুলো কাজে লাগিয়েছি এবং আমার পরিকল্পনা ছিল তাকে (ক্রিস্টিনা) তার স্বাভাবিক খেলা খেলতে না দেয়া।’ রেকর্ড ১৫টি গ্রান্ড স্ল্যাম শিরোপাধারী আমেরিকার সেরেনা উইলিয়ামস তৃতীয় রাউন্ডে ৬-০, ৬-৩ গেমে পরাজিত করেন পোল্যান্ডের উরসুলা রাদওয়ানস্কাকে। দিনের অন্য ম্যাচে রাশিয়ার মারিয়া শারাপোভা চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারান। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় আনা ইভানোভিচকে ৬-১, ৭-৬ গেমে পরাজিত করে শেষ আটে পা রেখেছেন রাদওয়ানস্কাও। সেখানে তার প্রতিপক্ষ হবেন আরেক সাবেক এক নাম্বার ওজনিয়াকি। ওজনিয়াকি জার্মানির মোনা বার্থেলকে হারান ৭-৬, ৬-৩ গেমে। তবে ম্যাচে নিজের পারফরম্যান্সে মোটেও খুশি নন এই ড্যানিশ গ্লামার কুইন, ‘আমার খেলায় আমি মোটেও খুশি নই। আর এই পারফরম্যান্সের পেছনে তীব্র বাতাস ছিল বড় একটা কারণ। আমি শুধু আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। এটা আসলেই কঠিন একটা লড়াই ছিল তবে শেষ পর্যন্ত ফলটা আমার পক্ষেই গেছে।’ নিজ নিজ খেলায় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন সামান্থা স্টোসার, সারা ইরানি এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভা।