গ্রানাডার সামনে সতর্ক বার্সেলোনা

অন্তত লিগের হিসাবে বার্সেলোনা এখন একটু নিশ্চিন্তে থাকতেই পারে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের চেয়ে বিরাট ব্যবধানে এগিয়ে তারা। তারপরও লা লিগার কোনো ম্যাচকে হালকা ভাবে নেয়ার কথা ভাবছে না দলটি। অন্তত আজ গ্রানাডার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের আগে দলের ফুলব্যাক আদ্রিয়ানো তেমনটাই বলছেন। বলছেন, কোনোক্রমেই গ্রানাডার বিপক্ষে ম্যাচটিকে সহজ ভাবছেন না তারা। কাতালানরা আগের সপ্তাহে গেটাফেকে ৬-১ গোলে হারিয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। কিন্তু এই ফর্মের কারণে তৃপ্তিতে ভেসে যাওয়ার সুযোগ দেখছেন না ব্রাজিলিয়ান তারকা আদ্রিয়ানো। তিনি মনে করেন, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রেতেও নিজেদের ফর্ম ধরে রাখার জন্য লিগে শতভাগ ভালো করার বিকল্প নেই, ‘আমরা জানি অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদ থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছি। কিন্তু লিগ নিয়েও আমাদের অবশ্যই ভাবতে তবে। কোনো অবস্থাতেই থেমে পড়ার সুযোগ নেই। প্রতিটি ম্যাচে আমরা শতভাগ দিতেই যাই। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। কিন্তু শনিবারের ম্যাচটিও গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে গ্রানাডাকে বেশ শক্ত প্রতিপক্ষ বলে মনে করছেন আদ্রিয়ানো। দক্ষিণের দলটি আগের দুটি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ডির্পোটিভো লা করুনাকে হারিয়েছে। এই প্রসঙ্গ টেনে আদ্রিয়ানো বলেন, ‘কঠিন ম্যাচ হতে পারে এটা। দুটি ম্যাচ জিতে ভাল ফর্ম নিয়ে আসছে তারা।’ চ্যাম্পিয়ন্স লিগের পর বার্সেলোনার লা লিগা ম্যাচ রয়েছে সেভিয়ার বিপক্ষে। এরপর কোপা ডেল রে তে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি রয়েছে ২৬ ফেব্রুয়ারি। সেভিয়া ও মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটি রয়েছে ন্যু ক্যাম্পেই। বার্সেলোনার আজ মাঠে ডেভিড ভিয়াকে পাওয়ার সম্ভাবনা কম। কিডনিতে পাথর হয়েছিলো তার। অস্ত্রোপচার শেষ হলেও মাঠে নামার মতো ফিট হয়েছেন বলে কেউ নিশ্চিত করেনি। এদিকে জাভি আজও সাইডলাইনেই থাকছে। যদিও বুধবার হালকা অনুশীলন করেছেন তিনি। এদিকে রিয়াল মাদ্রিদের লিগ-স্বপ্ন এবার একরকম শেষ হয়ে গেছে। তারপরও নিজেদের আরেকটু সম্মানজনক অবস্থায় তুলে নিতে আগামীকাল রবিবার রাতে মুখোমুখি হবে রাজধানীর প্রতিবেশী রায়ো ভায়েকানোর। রায়ো আগের সপ্তাহে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারায়। তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে অ্যাতলেটিকোর ব্যবধান চার পয়েন্ট। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো এই ম্যাচে জাভি অ্যালোনসোকে বিশ্রামে রাখতে পারেন। যিনি গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ইনজুরি আক্রান্ত হন। স্যান্তিয়েগো বার্নাব্যুতে ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়। এছাড়া নিষিদ্ধ হওয়া আলভারো আরবেলোয়া , লুকা মড্রিক এবং গঞ্জালো হিগুয়েইনও নেই। এদিকে অ্যাতলেটিকোতে ফিরতে পারেন দিয়েগো কস্টা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারেন তিনি। লা লিগায় আজ শনিবার গেটাফে-সেল্টা ভিগো মালাগা-অ্যাথলেটিক বিলবাও গ্রানাডা-বার্সেলোনা ওসাসুনা-রিয়াল জারাগোজা রবিবার রিয়াল সোসিদাদ-লেভান্তে ভ্যালেন্সিয়া-মার্য়োকা রিয়াল ভ্যালাডোলিড-অ্যাতলেটিকো মাদ্রিদ এস্পানিয়ল-রিয়াল বেটিস রিয়াল মাদ্রিদ-রায়ো ভায়েকানো