নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় আহত তুর্কি নাগরিকের মৃত্যু

 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় আহত এক তুর্কি নাগরিক হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে গত মাসের ওই সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ তে দাঁড়াল।

হামলায় আহত আরো নয়জন হাসপাতালে চিকিত্সাধীন; তাদের অবস্থা স্থিতিশীল বলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্রাইস্টচার্চের দুই মসজিদে নির্বিচারে গুলি চালানোর অভিযোগে আটক ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী’ ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ এনেছেন নিউজিল্যান্ডের কৌঁসুলিরা। “নিহতের পরিবার ও তিনি যে এলাকায় ছিলেন সেখানকার মানুষের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তুরস্কের পাশাপাশি নিউজিল্যান্ডও এই দুঃসংবাদে ব্যথিত,” ই-মেইলে দেওয়া বিবৃতিতে বলেছেন আর্ডেন। টুইটারে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলুও খবরটি নিশ্চিত করেছেন। ‘দুর্ভাগ্যজনকভাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ঘৃণ্য ওই হামলায় গুরুতর আহত এক নাগরিককে হারিয়েছি আমরা,’ বলেছেন তিনি।

তুর্কি ওই নাগরিকের ভাই বার্তা সংস্থা আনাদোলুকে জানান, বৃহস্পতিবার রাতে তার ভাইয়ের অস্ত্রোপচার হয়েছিল। ‘চিকিত্সকরা তার রক্তক্ষরণ বন্ধ করতে পারেননি। আমরা তাকে হারিয়ে ফেলেছি। অস্ত্রোপচারের শুরুর দিকে সব ঠিকঠাক চলছিল বলে আমরা খুশি হয়েছিলাম, তিনি ৫০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন,’ বলেছেন তিনি।