সার্জেন্ট জহুরুল হক জাতির প্রেরণার উত্স : ডেপুটি স্পিকার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, ঐতিহাসিক আগরতলা মামলা ইতিহাসের আয়না। এ আয়নায় বাংলাদেশ সৃষ্টির প্রতিচ্ছবি দেখা যায়। তাই এ ইতিহাসকে জাতির সামনে সঠিকভাবে তুলে ধরা আমাদের জাতীয় দায়িত্ব। তা না হলে জাতি তাদের এ গৌরবের ইতিহাস জানতে পারবে না। তিনি গতকাল সার্জেন্ট (অব.) জহুরুল হকের ৪৪তম শাহাদত্ বার্ষিকী উপলক্ষে ঢাকার আজিমপুর গোরস্থানে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, সার্জেন্ট (অব.) জহুরুল হক মূল্যায়ন পরিষদ, অভিযুক্ত পরিষদ ও তাঁর পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আগরতলা মামলায় অভিযুক্ত অন্যান্যের মধ্যে ফ্লাইট সার্জেন্ট (অব.) আব্দুল জলিল এবং ফ্লাইট সার্জেন্ট (অব.) মাহফুজুল বারী মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।