বিবিসি
ইসলাম ধর্ম বিষয়ক বিতর্কিত বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছেন ভারতের কৌঁসুলিরা। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে থাকা নায়েকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২.৮ কোটি ডলার মূল্যের অবৈধ সম্পদের মালিক। নায়েক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ‘ঘৃণা উদ্রেককারী’ বক্তব্য ছড়িয়ে দেওয়া এবং সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়ার অভিযোগও এনেছে।
৫৩ বছর বয়সী নায়েক তার টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি’র মাধ্যমে কট্টরপন্থি ইসলামী মতবাদ প্রচার করে থাকেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ও ভারতে পিস টিভির সমম্প্রচার নিষিদ্ধ হলেও বিশ্বব্যাপী এই চ্যানেলের ২০ কোটি দর্শক রয়েছে। দুবাই ভিত্তিক এই চ্যানেলের মালিকানা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংস্থার- যেই সংস্থাটির প্রধান জাকির নায়েক নিজেই। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে নায়েকের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ এনে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে যে, তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষাধিক ডলার অর্থ আয় করেছেন। সংস্থাটি দাবি করে, নায়েক ‘বিতর্কিত এবং সন্দেহজনক উত্স’ থেকে পাওয়া অর্থ ব্যবহার করে ভারতে ভূমির মালিক হয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্থায়ন করেছেন, যেসব অনুষ্ঠানে তিনি নিজে ‘উস্কানিমূলক বক্তব্য’ দিয়েছেন।