সাংবাদিক রফিক হাসানকে পুলিশের হয়রানির ঘটনায় নিন্দা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিক হাসানকে বনানী থানায় পুলিশের হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের এ ধরনের আচরণ উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা। বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন যুক্ত বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে বনানী থানা ওসির শাস্তি দাবি করেন এবং অবিলম্বে তাকে সেখান থেকে বদলির দাবি জানান। প্রসঙ্গত রফিক হাসান সম্প্রতি তার এক আত্মীয়ের গ্রেফতারের খবর নেয়ার জন্য বনানী থানায় গেলে ওসি তার সাথে দুর্ব্যবহার করেন। বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব তাকে গুলি করার হুমকি এবং অকথ্য ভাষায় গালাগালি করেন।-প্রেস বিজ্ঞপ্তি