ড. ইউনূস ছাড়াই গ্রামীণ ব্যাংক ভালো চলছে :অর্থমন্ত্রী
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ড. মুহম্মদ ইউনূস ছাড়া নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ভালোই করছে। ড. ইউনূস ছাড়াই এ প্রতিষ্ঠান আগের তুলনায় তাদের কর্মকাণ্ড আরো প্রসারিত করতে সক্ষম হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ইটালির রোমে গতকাল আন্তর্জাতিক খাদ্য ও কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বৈঠকশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের বর্তমান নির্বাহীর আন্তর্জাতিক ব্যস্ততা কম থাকায় এ প্রতিষ্ঠানে বেশি মনযোগী হয়েছেন। এর ফলে তাদের কর্মকাণ্ড আরো প্রসারিত হয়েছে। ড. ইউনূস চলে যাওয়ার আগে ১০ থেকে ১১ শতাংশ ঋণ বিতরণ বাড়লেও এখন তা ৩০ শতাংশে উন্নীত হয়েছে।
পদ্মাসেতু নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবারো বলেছেন, পদ্মাসেতু নির্মাণে কোন প্রকার দুর্নীতি হবে না। তিনি বলেন, আমি দেশবাসীকে শতভাগ নিশ্চিত করে বলতে চাই যে, পদ্মাসেতু প্রকল্পে পূর্বেও কোন দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতাসংস্থার অর্থ ছাড়াই পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। অর্থমন্ত্রী বলেন, আমাদের হাতে অনেক বিকল্প অর্থায়নের প্রস্তাব রয়েছে। কিন্তু সেগুলো প্রক্রিয়ায় অনেক সময় প্রয়োজন বিধায় নিজস্ব বাজেট থেকে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিজস্ব্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা হলে বাজেটে চাপ পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত চার বছরে আমাদের বাজেটের আকার দ্বিগুণ হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে প্রয়োজন ২৫ হাজার কোটি টাকা। প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হলে বড় ধরনের কোন সমস্যা তৈরি হবে না। অর্থমন্ত্রী জানান, আগামী এপ্রিল মাস নাগাদ প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ বন্ড পদ্মাসেতু নির্মাণের জন্য নয়, দেশের সামগ্রীক অর্থনীতির প্রয়োজনে বলে তিনি উল্লেখ করেন।