সালমান খুরশিদ আজ আসছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ দুই দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির আমন্ত্রণে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) দ্বিতীয় বৈঠকে যোগ দিতেই ভারতীয় মন্ত্রীর এই সফর। ২০১১ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের সই করা উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী জেসিসি গঠন করা হয়। জেসিসি’র বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, সীমান্ত ব্যবস্থাপনাসহ সব ইস্যুর সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৈঠক শেষে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ নির্মাণে চুক্তি স্বাক্ষর হবে। ১৫ কিলোমিটার এই রেলপথ নির্মাণের ব্যয় ২৭১ কোটি রুপি ভারত সরকারই বহন করবে। বাংলাদেশ সরকার রেলপথ নির্মাণের কাজ তদারকি করবে। এছাড়া ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সালমান খুরশিদ এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাত্ করবেন।