ইলিয়াস আলী নিখোঁজের দশ মাস অতিক্রান্ত
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী নিখোঁজের দশ মাস হলো আজ শনিবার। আজও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ইলিয়াস আলীর মত একজন প্রভাবশালী, উদীয়মান তরুণ রাজনীতিবিদ নিখোঁজ হওয়ার পিছনের কারণও জানাতে পারেনি কেউ। কেন কি কারণে নিখোঁজ হলেন তিনি? দীর্ঘ দশ মাসেও এ প্রশ্নের জবাব দিতে পারেনি প্রশাসন। ইলিয়াসকে খুঁজে বের করতে কোন তত্পরতাও এখন আর নেই।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার বিকালে সমাবেশ আয়োজন করা হয়েছে। ইলিয়াস আলীর অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরিবার, দলের নেতাকর্মী ও তার জন্মস্থান বিশ্বনাথবাসী। গত বছর ১৭ এপ্রিল বাসায় ফেরার পথে ঢাকার বনানী এলাকা থেকে গাড়ি চালক আনসারসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় তার প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।
বিশ্বনাথের সর্বস্তরের মানুষ এখনো আশাবাদী তাদের প্রিয় মানুষটি আবারো ফিরে আসবেন তাদের মাঝে।