নিয়ন্ত্রণ রেখা অতিক্রম বিএসএফের গুলিতে পাক সেনা নিহত

বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করায় এক পাকিস্তানি সেনাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার ভারতের সেনাবাহিনী এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বৃহস্পতিবার পাকিস্তান সেনা-বাহিনী জানায়, তাদের এক সেনা অসাবধানবশত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে। তাকে ফেরত পাঠানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এরপর ভারতীয় সেনাবাহিনী গতকাল জানায়, পাকিস্তানি সৈন্য নিয়ন্ত্রণরেখা অতিক্রম করলে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী। তারা নিহত পাকিস্তানি সৈন্যের লাশ নেয়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীর মহাপরিচালককে (অপারেশন) অনুরোধ জানিয়েছেন।