ফেদেরারের বিদায়
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
শিরোপাধারী রজার ফেদেরার অপ্রত্যাশিতভাবে বিশ্ব ইনডোর টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। ১৩ বছরের খেলোয়াড়ি জীবনে এখনো পর্যন্ত একটিও ট্যুর শিরোপা জিততে না পারা জুলিয়ান বেনেটে গত শুক্রবার ৬-৩,৭-৫ গেমে হারান ফেদেরারকে।
নেদারল্যান্ডসের রটারডামে চলমান এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন এই সুইস তারকাই। তবে বিপুল দর্শক সমর্থন কোন কাজেই আসেনি এদিন। নিজের প্রথম সার্ভ থেকেই ধুকতে থাকা ফেদেরার প্রথম সেটেই হারান তিনটি ব্রেক পয়েন্ট। ৬-৩ গেমে প্রথম সেটটি হেরে এর মাশুল গুনতে হয় তাকে। তবে দ্বিতীয় সেটেই ফিরে আসারই ইঙ্গিত দিয়েছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। তবে দারুন প্রতিদ্বন্দিতাপূর্ন এই সেটটিও জিতে নিয়ে উল্লাসে ফেটে পড়েন র্যাঙ্কিংয়ে ৩৯ তম অবস্থানে থাকা বেনেটে। ম্যাচ শেষে দারুন উচ্ছ্বসিত এই ফরাসি বলেন,‘এটি আমার জন্য দারুন একটা জয়। আমি যেভাবে খেলতে চেয়েছি সেভাবেই খেলতে পেরেছি।’ আর ফেদেরার পরাজয়ের জন্য দুষছেন সার্ভে নিজের বাজে পারফরম্যান্সকেই। পাশাপাশি প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেও ভুল করেননি তিনি। তিনি বলেন,‘আপনি যদি ম্যাচে পাঁচটি সার্ভ হেলায় হারান, যেমনটা আমি করেছি ;তাহলে ইনডোরে জেতা একেবারেই অসম্ভব। জুলিয়ান(বেনেটে) দারুন খেলেছে। সে আমার চেয়ে অনেক বেশী সুযোগ তৈরী করতে পেরেছে এবং ন্যায্য ফলটাই সে পেয়েছে। দ্বিতীয় সেটের শেষ দিকে আমি ভাল লড়াই করতে পেরেছি এবং আমার সামনে সুযোগ ছিল ম্যাচটাকে তৃতীয় সেটে টেনে নিয়ে যাওয়ার । তবে সত্যি বলতে কি আমি যেমনটা খেলেছি তাতে ভাগ্যের এতটা আনুকূল্য আমার প্রাপ্য নয়।’ সেমিতে বেনেটের প্রতিপক্ষ হবেন স্বদেশী গিলস সাইমন। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছেন গত আসরের রানার আপ হুয়ান মার্টিন দেল পোত্রোও। জার্কো নিয়েমিনেমকে ৬-৩,৬-৪ গেমে হারিয়েছেন এই আর্জেন্টাইন। মার্কাস বাগতাদিসকে ৬-৭,৭-৬,৬-৩ গেমে হারানো বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ সেমিতে দেল পোত্রোর মুখোমুখি হবেন।