অতি কৌশলে বলি হয়ে গেছেন মির্জা ফখরুল :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির অভ্যাস সব সময় অপরাজনীতি করা। তারা ঘূর্ণিঝড় নিয়েও নোংরা রাজনীতি করছে। গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরো বলেন, দুর্যোগ নিয়ে বিএনপি লোক দেখানো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে। বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে এসে দাঁড়াতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ। শিগগিরই তিনি দেশে ফিরবেন।’ ‘পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল প্রয়োজন নেই’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না— এ কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার (মির্জা ফখরুল) বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। এ দুটি প্রকল্প হচ্ছে জাতির গর্বের প্রকল্প। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে— এ দুটি প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কর্ণফুলী টানেল হলো এশিয়ার সর্বপ্রথম টানেল। এটা ভারত, পাকিস্তানেও নেই।’ একপ্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘অতি কৌশলের বলি হয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম।’