গল্প নয় সত্যি
দশ মিনিটে ব্যাটারি চার্জ!
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৯
বহনযোগ্য বিভিন্ন বৈদ্যুতিক উপকরণে শক্তির উত্স হিসেবে আজকাল হরহামেশাই ব্যবহার করা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। বিশেষ করে মোবাইল ফোনের মতো নিত্যপ্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে লিথিয়াম আয়ন ব্যাটারির বিকল্প এখনও সে অর্থে খুঁজে পাননি বিজ্ঞানীরা। এমনিতে লিথিয়াম আয়ন ব্যাটারি মোবাইল ফোন বা এ ধরনের বহনযোগ্য ডিভাইসের জন্য বেশ কার্যকর প্রমাণিত হলেও এ ধরনের ব্যাটারি চার্জ দিতে প্রায়শই অনেক সময় লেগে যায়। ফলে জরুরি মুহূর্তে যখন চট করে কোনোকিছু চার্জ করে নেওয়া প্রয়োজন তখন বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। তবে এই সমস্যা দূর করতে এবার নতুন এক ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে সাফল্য দেখিয়েছেন আমেরিকার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। সিলিকন ন্যানো ওয়্যারের ব্যতিক্রমী ব্যবহারের মাধ্যমে তৈরি করা এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো মাত্র ১০ মিনিটেই পুরোপুরি চার্জ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইউএসসি’র বিজ্ঞানীরা। এ ছাড়া এ ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শক্তিও পাওয়া যাবে আগের চাইতে তিনগুণ বেশি সময় ধরে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া বা ইউএসসি’র এই গবেষণার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চাও। এই গবেষণায় তারা দেখেন যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে যদি সিলিকন ন্যানো ওয়্যার ব্যবহার করা হয় তাহলে তা ব্যাটারিগুলোর কার্যক্ষমতা যেমন বাড়িয়ে দেয় তেমনি ব্যাটারিগুলোকে পুনরায় কর্মক্ষম করার জন্য প্রয়োজনীয় সময়ও অনেকাংশে কমিয়ে আনে। তবে একসঙ্গে অনেক ন্যানো-ওয়্যার তৈরি বেশ কঠিন হওয়ায় বাজারে সহজলভ্য সিলিকন গোলক সংগ্রহ করে তা থেকে সিলিকন ওয়্যার সংগ্রহ করেন বিজ্ঞানীরা। আর এ সিলিকন ওয়্যারের কারণেই মাত্র ১০ মিনিটে চার্জ হয়ে যায় ব্যাটারিগুলো। বিজ্ঞানীরা জানিয়েছেন তাদের উদ্ভাবিত এই প্রযুক্তি শুধু গবেষণাগারেই নয় বরং ব্যবহার করা যাবে বাণিজ্যিকভাবে উত্পাদিত একাধিক পণ্যের জন্যও।