জয়ের ধারাতে বায়ার্ন

মারিও মান্ডজুকিচ ও আরিয়ের রোবেনের গোলে ভর করে গত শুক্রবার জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ২-০ গোলে ভলভসবুর্গকে হারায়। এই জয়ে বায়ার্ন ২২ খেলা শেষে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলর প্রথম লেগে আগামী মঙ্গলবার বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আর্সেনালের। চ্যাম্পিয়ন্স লিগের আগে বুন্দেসলিগায় এমন জয় অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের। এদিকে মান্ডজুকিচ লিগে ১৫টি গোল করলেন। গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে রয়েছেন। সব টুর্নামেন্ট মিলিয়ে তার গোলসংখ্যা ১৭টি। নিজেদের মাঠে বায়ার্ন ১১ লিগ ম্যাচের দশটিতেই জয় পেয়েছে। এছাড়া লিগে তারা নিজেদের মাঠের বাইরে টানা পাঁচ ম্যাচে গোল হজম করেনি। লিগে ২২ ম্যাচে বায়ার্ন সাত গোল হজম করেছে মাত্র। বায়ার্ন এভাবে জয়ের ধারায় থাকলে এপ্রিলের মাঝামাঝি সময়ে শিরোপা জয়ী হয়ে যেতে পারে। নিজেদের একটি রেকর্ড ভাঙার দিকে তারা এগিয়েও চলছে। ১৯৭২-৭৩ মৌসুমে বায়ার্ন ৩০ ম্যাচেই শিরোপা নিশ্চিত করেছিল। সবচেয়ে কম ম্যাচ ও সময়ে তারা লিগ শিরোপা নিশ্চিত করেছিল।