গোয়ালন্দে রফিকের লাশ ও মোটর সাইকেল উদ্ধার
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
রাজবাড়ীর গোয়ালন্দের নিখোঁজ রফিকের লাশ গত শুক্রবার উজানচর দরাপের ডাঙ্গি নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরের একটি ভূট্টা ক্ষেত থেকে মোটর সাইকেলটি উদ্ধার হয়েছে। এর আগে বৃহস্পতিবার আলিমের লাশ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানা গেছে, গত শুক্রবার সকালে উজানচর দরাপেরডাঙ্গি এলাকার নদীর পাড়ে স্যান্ডেল দেখে রফিকের স্যান্ডেল হিসেবে শনাক্ত করেন বাবা বারেক শেক। এসময় জাল নিয়ে নদীতে ঘন্টা দুয়েক চেষ্টা করে না পেয়ে বারেক শেখ নিজেই নেমে পড়েন নদীতে। পরে তার পায়ে বেঁধে ওঠে নিখোঁজ ছেলে রফিকের হাত-পা বাঁধা লাশ। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ। বেলা এগারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া লাশ থেকে প্রায় এক কিলোমিটার দূরে নাছের মাতুব্বর পাড়ার ভূট্টা ক্ষেত থেকে দুপুর বারোটার দিকে মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়।
রফিকের বাবা বারেক শেখ বলেন, বুধবার বিকেলে আলিম মোটর সাইকেলে করে রফিককে বাড়ি থেকে নিয়ে বের হয়। ওই দিন রাত সাড়ে সাতটার দিকে রফিকের ফোনে কথা হলেও পরে আর পাওয়া যায়নি। এর পর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। আলিমের শত্রুতার কারণেই আমার ছেলেকে মেরে ফেলেছে দুষ্কৃতকারীরা।
গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার বলেন, আলিম ও রফিককে খুন করে দুর্বৃত্তরা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পৃথকস্থানে লাশ দুটি ফেলে। তবে কি কারণে খুন হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।