মনোহরদীর ৫০ স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
গতকাল বৃহস্পতিবার মনোহরদী উপজেলার ৫০টি সঃ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, বিদ্যালয়ে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষক মণ্ডলীকে সহায়তা করা, বিদ্যালয়ে শতভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে এ নির্বাচনের আয়োজন করা হয়। গতকাল সকালে মনোহরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, খুদে ছাত্র/ ছাত্রীদের এক উত্সবমুখর পরিবেশ। ভোট দেয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। ভোটকেন্দ্রে রয়েছে প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, ব্যালট বাক্স, ভোট প্রদানের জন্য গোপন কক্ষ। এছাড়া আরো রয়েছে নির্বাচন কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিক্ষার্থীরা যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। নির্বাচন কমিশনার ৫ম শ্রেণির ছাত্রী নাফিসা আজমীম মীমের কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাইলে সে জানায়, একটি জাতীয় নির্বাচন করতে একটি ভোট কেন্দ্রে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হয় তার সবগুলোই আমাদের এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে করা হয়েছে।